জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জ থেকে ‘মুজিববাদকে চিরতরে মুক্ত করার’ ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “আবার গোপালগঞ্জে যাবো, এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করবো না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে ফিরে আসবো।”
দলটির মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখার সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, “এনসিপির শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে।”
তিনি দাবি করেন, বুধবারের (১৬ জুলাই) সহিংস ঘটনার সময় গোপালগঞ্জে বিচার বহির্ভূতভাবে চারজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করে বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও কেউ গ্রেফতার হচ্ছে না। বরং গ্রেফতার হলেও তারা আদালত থেকে ছাড়া পাচ্ছে। বিচারপ্রক্রিয়া অগ্রসর হচ্ছে না।”
সরকারকে সাধারণ মানুষের হয়রানি না করার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যাতে হেনস্তার শিকার না হন, সে বিষয়ে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। তবে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না।”


