আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচনের সময় জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, “গত ৩-৪টি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে ভোট দিতে পারবো তো?” এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, “অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।”
ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের উদ্যোগ জানতে চাইলে তিনি বলেন, “আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। সেই দুঃখ এবার ঘুচবে।”
তিনি আরও বলেন, “ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের কে কে ভোট দিয়েছেন তারা হাসাহাসি করত। কেউ বলত, স্যার ১০/১২টা ভোট দিয়েছি। ৯০ শতাংশই বলত, তারা কোনো দিন ভোট দেয়নি।”
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। সাংবাদিকরা অনুসন্ধান করলে ভয়াবহ তথ্য পেতে পারেন সে নির্বাচন নিয়ে।”
নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও, সরকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা বলতে পারি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন উপহার দেওয়া। এটা আমাদের প্রধান উপদেষ্টা সব সময়ই বলে থাকেন।”


