সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ডিসিভি নিউজ ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

এর আগে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় “জুলাই ঘোষণাপত্র” পাঠ করবেন অধ্যাপক ইউনূস। এটি হবে অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক রাজনৈতিক রূপরেখার আনুষ্ঠানিক উপস্থাপন।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা। স্মারক সামগ্রী উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।

জাতির স্মৃতিতে গেঁথে থাকা এই দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র, অধিকার ও ঐক্যের বার্তা তুলে ধরার প্রত্যয় জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা