বাংলাদেশের সংবিধান মিথ্যার উপর রচিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী একে সংস্কারের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাউজান উপজেলার জলিল নগরে আয়োজিত এক বিশাল গণমিছিল ও সমাবেশে দলটির নেতারা এ কথা বলেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাউজান উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বায়তুলমাল সম্পাদক অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী।
সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আমীর ও চট্টগ্রাম-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ রিদোয়ান শাহার। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাউজান পৌরসভার আমীর বেলাল মোহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম এবং ইসলামী ছাত্রশিবির রাউজান শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল।
নেতারা বলেন, এই দেশ এখনো কোনো জনকল্যাণমূলক সরকার পায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতাকে নিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তারা আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। এর আগে আসরের নামাজ আদায় শেষে রাউজান সরকারি কলেজ মসজিদ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি মুন্সির ঘাটা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পশ্চিম পাশের সূর্যসেন চত্বর এবং পূর্বে উপজেলা ও থানা সড়ক হয়ে প্রেস ক্লাব মোড় প্রদক্ষিণ করে জলিল নগর বাস স্টেশনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আয়োজকরা জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এটিই রাউজানে জামায়াত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় গণমিছিল ও জনসমাবেশ। সমাবেশে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


