সর্বশেষ

চট্টগ্রামে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে এনসিপির দোয়া মাহফিল ও বিজয় মিছিল

এস এম আরজু, চট্টগ্রাম:

চট্টগ্রামে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও বিজয় মিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের এই দিনে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা তাকে দেশত্যাগে বাধ্য করেছিল এই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করেই এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) আসরের নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মিলিত হন বিপ্লবী ছাত্র-জনতা ও এনসিপির নেতাকর্মীরা। সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। পরে মসজিদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিল বের হয়ে আশপাশের এলাকায় ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গত বছরের ৫ আগস্ট ছিল গণজাগরণের এক ঐতিহাসিক দিন। সেদিনের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল। তবে এখনো কাঙ্ক্ষিত বিচার ও কাঠামোগত সংস্কার দৃশ্যমান হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়।”

বক্তারা আরও হুঁশিয়ার করে বলেন, নতুন করে কেউ স্বৈরাচারী আচরণ করলে বিপ্লবী ছাত্র-জনতা অতীতের মতোই প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রনেতা নূরে আবরার রাজিন এবং সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠক সাইদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হুজ্জাতুল ইসলাম সাঈদ, মঈনুদ্দিন আল নোমান বকশী, মোহাম্মদ সাজ্জাদুল হোসেন, আজগর আলী আশিক, সৈয়দ এহসানুল হক, মোহাম্মদ সেলিম, আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা নূরে তাওসিফ রামিম, সাদমানুর রহমান চৌধুরি, মোহাম্মদ সোহরাব চৌধুরি, তাফসীর হাশেম রামিম প্রমূখ।

বক্তারা দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা