ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে বিএনপি। সদ্য সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে শত শত যানবাহনে হাজারো নেতাকর্মী অংশ নেন।
গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ফটিকছড়ির উত্তরাঞ্চলের জনপদ বাগান বাজার ইউনিয়ন থেকে র্যালি শুরু হয়ে দক্ষিণাঞ্চলের আব্দুল্লাপুর ইউনিয়নে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে সরওয়ার আলমগীর বক্তব্য দেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্ণ হলেও বিএনপির বিরুদ্ধে দেশীয়-বিদেশি ষড়যন্ত্র ও নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। তারেক রহমানকে নিয়েও অপপ্রচারের শেষ নেই। ফটিকছড়ির জনগণ এই বিজয় র্যালির মাধ্যমে সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়েছে।”
তারেক রহমানকে ‘গণমানুষের আস্থা ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা’ উল্লেখ করে সরওয়ার আলমগীর বলেন, “তার নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্র।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের শেখায় গণতন্ত্র কাউকে অনুগ্রহ করে দেয় না, এটি অর্জন করতে হয় আন্দোলন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত ১৬ বছর আমরা সে সংগ্রাম করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। বিজয় আমাদের হবেই।
র্যালির শেষ অংশে তিনি বলেন, “যথাসময়ে একটি নির্বাচনে আমরা অংশ নেব। সেই নির্বাচনে তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে। র্যালিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, নাছির উদ্দীন বিপ্লব, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, মনছুর আলম চৌধুরী, হাফেজ মো. জয়নালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


