সর্বশেষ

চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিদ্যুৎ উৎপাদন বন্ধ 

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এই ঘটনায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি না হলেও উৎপাদন বন্ধ রয়েছে। ৬ আগস্ট (বুধবার) বিকাল সাড়ে তিন টার দিকে রাউজান উপজেলার দক্ষিণ-পূর্বপ্রান্তে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যাটারি হাউসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমাদের একটা ইউনিট চালু অবস্থায় ব্যাটারী রুমে যেকোন কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। ব্যাটারি কক্ষটি আবদ্ধ ছিল। আমরা ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি যখন বুঝতে পেরেছি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাটারির পাওয়ার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা ঝুঁকিতে আছি। তিনি আরো জানান, গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যায়। আজ অগ্নিকাণ্ডের ঘটনায় তা পুনরায় বন্ধ হয়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জসিম উদ্দিন জানান, ৩ টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন তলা বিশিষ্ট ভবনের ২য় তলায় ব্যাটারি হাউসে আগুন লাগে। যে ব্যাটারি গুলো দ্বারা টার্মিনাল গুলো চলে।  আমরা সংবাদ পেয়ে ৩ টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৫টা ২০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করি। আগুনে প্রায় ৩শতেরও অধিক ব্যাটারি নষ্ট হয়েছে। ব্যাটারি হাউসের পাশাপাশি দুটি গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।  তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এই প্রসঙ্গে কথা বলতে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর অফিসিয়াল ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা