বাংলাদেশ সরকার ২০২৫ অর্থবছরে ৬৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
নতুন এই লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দেশ থেকে ৫৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য ও সেবা রপ্তানি হয়েছে।
বাণিজ্য সচিব জানান, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং নানা আন্তর্জাতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানিকারকদের প্রণোদনা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন।
রপ্তানি খাতে তৈরি পোশাক এখনও প্রধান অবদান রাখছে, তবে আইসিটি, কৃষিপণ্য, চামড়াজাত ও হালকা প্রকৌশল পণ্যের বাজার সম্প্রসারণেও জোর দিচ্ছে সরকার।


