মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল ৮টার (মালয়েশিয়ার সময় সকাল ১০টা) কিছু আগে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠকের আগে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনূস। পৌঁছানোর পর আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে পৌঁছালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে অভ্যর্থনা জানান। লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রেস সচিব শফিকুল আলমের তথ্যানুসারে, এই সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয় অগ্রাধিকার পাচ্ছে। আজ বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। পুরো সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
আজ বিকেল ৫টায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত থাকতে পারেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও প্রবাসী শ্রমিক কল্যাণে নতুন অগ্রগতি আসার প্রত্যাশা করা হচ্ছে।


