জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
খালিদ হোসেন বলেন, সেনাবাহিনী ও পুলিশের মোতায়েন পরিকল্পনাসহ নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব প্রস্তুতি রয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের হাতে সময় কম, শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকত।”
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


