সর্বশেষ

বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ডিসিভি নিউজ ডেস্ক:

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে দেওয়া হয়নি বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনে এ নির্দেশনা পৌঁছেছে। তবে অধিকাংশ মিশন এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশ পায়নি। অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বার্তা পেয়েছেন।

একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা থেকে ফোনে আমাদের বলা হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার পাশাপাশি তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে।”

অন্য একজন কূটনীতিক বলেন, তাদের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত সরাসরি নির্দেশ দিলেও পাশের আরেকটি মিশনের মাধ্যমে একই বার্তা আবারও এসেছে।

সরকারি মহল থেকে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনার পেছনে সুনির্দিষ্ট কারণ ও আনুষ্ঠানিক ব্যাখ্যা অনিশ্চিত রয়ে গেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা