বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম ও হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না। তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতেই হতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন প্রকাশ্যে আনা এবং পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গুম হওয়া পরিবারের আহাজারি থামাতে সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “গুম ও হত্যার ঘটনায় জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। বিএনপি দেশের প্রতিটি নিপীড়িত মানুষের পাশে রয়েছে। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাই কেউ ভাববেন না, বিএনপি ক্ষমতায় গেলে বিচার এড়িয়ে যাবে। নির্বাচনের মাধ্যমেই এসব অপরাধের বিচার নিশ্চিত করা হবে।”
গুমের শিকার পরিবারগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। যারা প্রিয়জন হারিয়েছেন, তারা একদিন ন্যায়বিচার দেখতে পারবেন।


