সর্বশেষ

ফেব্রুয়ারির নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসিভি নিউজ ডেস্ক:

ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণ একবার নির্বাচনমুখী হয়ে গেলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অসুবিধা হবে না। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সে অনুযায়ীই আমরা নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

অবৈধ অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, “শুধু নির্বাচনের জন্য নয়, সব সময়ই যেন অস্ত্র দেশে ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। আশা করছি নির্বাচনের আগে প্রায় সব অস্ত্রই উদ্ধার করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, অতীতে নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা থাকলেও এবার সেটি রোধে বিশেষ নজরদারি ও পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ। সীমান্তবর্তী এলাকার জনগণও অত্যন্ত সচেতন। তাই কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন দেশ স্বাধীন। গণমাধ্যম স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। জনগণই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে তখন আর কাউকে বাধা দেওয়া সম্ভব হবে না।” স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, “জনগণ আমাদের মূল শক্তি। যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছে, তাই নির্বাচন আয়োজন নিয়ে কোনো সমস্যা হবে না।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা