সর্বশেষ

আগারগাঁও নির্বাচন ভবনে রুমিন ফারহানাকে হেনস্তা, শুনানিতে হাতাহাতি

ডিসিভি নিউজ ডেস্ক:

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আয়োজিত শুনানিতে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানির সময় এ পরিস্থিতি সৃষ্টি হয়।

দুপুর ১২টায় ইসি সচিবালয়ের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এক মনোনয়নপ্রত্যাশীর অনুসারীরা বিজয়নগরের তিন ইউনিয়ন (বুধন্তি, চান্দুরা ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে উত্তেজনা সৃষ্টি করে।

এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। অভিযোগ উঠেছে, এই সংঘর্ষে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। অবশেষে উত্তেজনার কারণে সংশ্লিষ্ট আসন দুটির শুনানি সংক্ষিপ্ত করে বিবদমান পক্ষগুলোকে সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

ঘটনার পর সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “গত ১৫ বছরে যা হয়নি, আজ তা-ই হলো। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির যে নেতা-কর্মীদের জন্য লড়াই করেছি, তারাই আজ আমার গায়ে হাত তুলল। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”

তিনি আরও প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজ দলের মধ্যে এমন সংঘর্ষ হলে নির্বাচনের সময় পরিস্থিতি কোথায় গড়াবে।শুনানির সময় উত্তেজনা নির্বাচন ভবনের বাইরে ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের সামনে জলকামান মোতায়েন করা হয়।

বিকেল পৌনে ৩টার দিকে এনসিপির কয়েকজন কর্মী ইসি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন। উল্লেখ্য, আজ ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, ৫; কুমিল্লা-১, ২, ৬, ৯, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চাঁদপুর-২ ও ৩; ফেনী-৩; লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি হয়। আগামী বুধবার পর্যন্ত দাবি-আপত্তির শুনানি চলবে।

এর আগে, গত ৩০ জুলাই সব সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয়। ১০ আগস্ট পর্যন্ত আসন পুনর্নির্ধারণ নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। এসব শুনানি শেষে ২৭ আগস্ট চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা