গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে ‘গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ’ হিসেবে বর্ণনা করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ঘটনা বিচ্ছিন্ন নয়, এটি ন্যক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বিভিন্ন মহল থেকে জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবি উঠছে। এটি যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, “গণহত্যা, সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে যদি কোনো দল নিষিদ্ধ হতে পারে, তাহলে জাতীয় পার্টির ক্ষেত্রে কেন তা হবে না? ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত তারা মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা ও ‘মব’ নিয়ন্ত্রণের বিষয়েও সতর্ক। “যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণ করছে। মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটছে।”
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগকে সম্মান জানিয়ে আমরা কোনো দুর্নীতিবাজকে মাথা তুলে দাঁড়াতে দেব না এবং তাদের মুখোশ উন্মোচন করব।”


