আড়াই বছর পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভারতীয় ট্রাকযোগে তিন চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এর মধ্যে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাস করা হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, এস এম ওয়েল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে এই পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষার পর খালাসের অনুমতি দেওয়া হবে।
আমদানিকারক সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য ধরা হয়েছে ৩০৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসাবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৩৮ টাকা। মানভেদে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে কেজিপ্রতি ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব হবে।
স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী আল মামুন বলেন, “আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আসায় বাজারে ইতোমধ্যে দাম কিছুটা কমতে শুরু করেছে।” বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আমদানিকারকদের কাছে পেঁয়াজ হস্তান্তর করা হবে।


