চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ৫৪তম জশনে জুলুসে ভিড়ের চাপে পদদলিত হয়ে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মুরাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৪)। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে রাখা হয়েছে আইসিইউতে।
আঞ্জুমান-এ রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিম জানিয়েছে, প্রচণ্ড গরমে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়লে ভিড়ের চাপের মধ্যে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এর আগে গরমে অসুস্থ হয়ে আরও একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
ঐতিহাসিক এ জুলুসে লাখো মানুষ অংশ নেন। তবে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি থাকায় এ মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়।


