ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে। তিন দিনের এ সফরে তারা বাংলাদেশ-ইইউ সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা করবেন এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।
ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়, সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্য, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে।
এছাড়া তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে ২০১৭ সালে মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা।
অন্যদিকে, ইইউ ও বাংলাদেশ সম্প্রতি একটি নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’ (পিসিএ) নিয়ে পুনরায় আলোচনা শুরু করেছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন মৌনির সাতুরি (গ্রিনস/ইএফএ, ফ্রান্স)। দলে আরও রয়েছেন ইসাবেল উইসেলার-লিমা (ইপিপি, লুক্সেমবার্গ), আরকাদিউস মুলারচিক (ইসিআর, পোল্যান্ড), উরমাস পায়েত (রিনিউ ইউরোপ, এস্তোনিয়া) এবং ক্যাটারিনা ভিয়েরা (গ্রিনস/ইএফএ, নেদার ল্যান্ডস)।


