বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিম হত্যা মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাব ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ ও র্যাবসহ সংশ্লিষ্ট বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও জানান, গত ২০২৪ সালের নভেম্বরে রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি প্রেরণ করেছিলেন। “দেরিতে হলেও এখন কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়েছে, যা প্রশংসনীয়,”
সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান অঞ্চলে অতীতের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।


