সর্বশেষ

গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিএনপির মানহানি মামলা

ডিসিভি নিউজ ডেস্ক:

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি অভিযোগ করেন, সাংবাদিক তুহিনকে অপরাধী চক্রের ভিডিও ধারণের কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও সারজিস আলম কোনো প্রমাণ ছাড়াই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে দায়ী করে নানা বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছেন।

তানভীর সিরাজ আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ঘটনাটিতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবুও উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম জড়িয়ে অপপ্রচার চালানোয় দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই মানহানি মামলা দায়ের করেছেন এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত শুনানিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটনের নির্দেশ দেন।

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র আলোচনার মধ্যে এই মামলাটি নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক দলকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণার দায়ে আদালতে দায়ের হওয়া এ মামলা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের একটি দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা