সর্বশেষ

জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির ৯০ দিনের রোডম্যাপ, মনোনয়নে কড়া যাচাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি চূড়ান্ত করেছে তাদের নির্বাচনি রণকৌশল। আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচনকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে দলটি। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে প্রস্তুত হচ্ছে নির্বাচনপূর্ব ৯০ দিনের একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা।

এই সময়ের মধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের নেতা-কর্মীদের জন্য ধারাবাহিক নির্বাচনি কর্মসূচি চালু থাকবে। মনোনয়নপ্রত্যাশীদের ক্ষেত্রে নেওয়া হয়েছে কঠোর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত। রাজনৈতিক কর্মদক্ষতা, আন্দোলনে সম্পৃক্ততা, মামলা-জেল, ব্যক্তিগত চারিত্রিক রেকর্ড এবং সম্পদের হিসাবসহ বিভিন্ন দিক মূল্যায়ন করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

নির্বাচন ঘিরে কেন্দ্রভিত্তিক শক্তিশালী পোলিং এজেন্ট টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিন স্তরের তালিকা তৈরি করে যেকোনো জরুরি অবস্থায় বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের প্রতিনিধি ও নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপপ্রচার মোকাবিলায় গঠন করা হচ্ছে দক্ষ ডিজিটাল মিডিয়া টিম, যারা সোশ্যাল মিডিয়ায় তথ্যভিত্তিকভাবে জবাব দেবে। এছাড়া, ৩১ দফা দাবির বাইরেও অঞ্চলভিত্তিক জনসম্পৃক্ত ইস্যু নিয়ে প্রচারণা চালানো হবে।

দলীয় আচরণবিধিতে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করবেন, শরিক দলগুলোর ক্ষেত্রেও এই আচরণবিধি প্রযোজ্য থাকবে।

বিএনপি বলেছে, শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তারা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা