ইপসিতা জাহান সুমা, চুয়েট প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্র কল্যাণ অধিদপ্তরের উদ্যাগে কেন্দ্রীয় ইফতারের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ৪ মার্চ (মঙ্গলবার) সকল আবাসিক হলে এই ইফতার আয়োজিত হয়েছে।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষার প্রসার ঘটাতে এবং একাত্মতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। এবারের তৃতীয় রোজায় সব আবাসিক হলে একসঙ্গে ইফতার আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের আমেজ তৈরি হয়।
নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা তাসনিম বলেন, “ইফতার পার্টিতে সবাই মিলে একটি অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। এখানে হলের শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার করে একটি পারিবারিক অনুভূতি পেয়েছি। এই ধরনের আয়োজন সম্প্রীতি এবং বন্ধুত্ব আরো শক্তিশালী করে।”
বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ পারভেজ হোসেন বলেন, আমি যখন বাড়িতে থাকতাম, তখন রমজানের সময় পরিবারের সবার মিলে ইফতার করার মজাই ছিল অন্যরকম। মায়ের হাতের ইফতারি খেতাম আনন্দের সাথে। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকার কারণে সে আনন্দ মিস করি। আজ ছাত্র কল্যাণ অধিদপ্তর থেকে ইফতারটা বাড়িতে থাকার সেই আনন্দের অনুভূতি কিছুটা ফিরিয়ে এনেছে। এ আয়োজনের জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এ বিষয়ে ছাত্র কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও চুয়েটে ইফতারের আয়োজন করা হয়েছে। গত বছর থেকে আমরা চেষ্টা করছি সব হলের অংশগ্রহণে ইফতার মাহফিলের আয়োজনের। প্রতিটি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিবছরই ইফতার মাহফিলগুলো সফলভাবে সম্পন্ন হচ্ছে।


