ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশকে বহাল রাখেনি দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। এর আগে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’-এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি দাবি করেন, ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
তবে শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির যুক্তি দেন, রিটকারী নিজে জিএস প্রার্থী নন এবং সরাসরি ক্ষতিগ্রস্তও নন। তাই তার করা রিট আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার জন্যই এই রিট দায়ের করা হয়েছিল।
অন্যদিকে ফরহাদের আইনজীবী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী আদালতে জানান, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগটি ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগে একই নামে আরও একজন শিক্ষার্থী আছেন, যিনি ছাত্রলীগের পদধারী। কিন্তু এই ফরহাদ অন্য ব্যক্তি।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট হাইকোর্টে রিট দায়েরের পর নির্বাচন স্থগিত হয়। তবে ২ সেপ্টেম্বর চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বেঞ্চে পাঠান। শেষ পর্যন্ত আপিল বিভাগের চূড়ান্ত আদেশে ডাকসু নির্বাচনের আইনি বাধা কেটে গেল।


