রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, পরিবারের সদস্য আজমিনা সিদ্দিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষ্যগ্রহণ হয়। মামলাগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম, সরকারি নীতিমালা লঙ্ঘন ও প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনার সম্পত্তিতে থাকার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। পরে বাংলাদেশে চলমান দুর্নীতি তদন্তে তার নাম আসায় যুক্তরাজ্য ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মন্ত্রিসভার দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে অবৈধভাবে রাজউকের প্লট বরাদ্দ নেন এবং সরকারি বিধি-বিধান উপেক্ষা করে সম্পত্তি অর্জন করেন। নিজের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে টিউলিপ সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ লিখেছেন, “ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের ভিত্তিতে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত।”
টিউলিপের অভিযোগের জবাবে দুদকের পক্ষে আইনজীবী খান মোহাম্মদ মইনুল বলেন, “সিদ্দিক মিথ্যা বলছেন। আমরা প্রয়োজনীয় সব নথি পেয়েছি, যার মধ্যে তার চিঠিপত্রও রয়েছে। তার বিরুদ্ধে জোরালো প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।” আদালত আগামী নির্ধারিত তারিখে পরবর্তী সাক্ষ্যগ্রহণ করবে।


