ভোলা জেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক সময়ে চাষাবাদের ফলে উৎপাদন লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সরকারিভাবে পর্যাপ্ত কৃষি প্রণোদনা না পাওয়ায় কিছুটা হতাশার কথা জানিয়েছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ভোলায় ১ লক্ষ ৭৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ১৬৫ মেট্রিক টন। কৃষকরা এ বছর বিআর-২২, বিআর-২৩, বিআর-৫২, বিরি ধান-৭৬, বিরি ধান-৮৭ ও ১০৩ বিনা জাতের ধান চাষ করেছেন।
কৃষকরা জানান, বিগত বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হয়েছে। তবে মাঠে ধান পাকা শুরু হওয়ায় ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা তৈরি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক বলেন, ভোলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পদ্ধতি ব্যবহার করলে তা সহজেই দমন করা সম্ভব হবে।
কৃষকরা আশাবাদী, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমন ধানের ফলন খরচের তুলনায় অধিক লাভবান হবে।


