ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স-এর সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এ আশ্বাস দেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা সাময়িকভাবে স্থগিত রেখেছিল ওমান সরকার। বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ওমানের শ্রমমন্ত্রী।
বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই, বিদেশে গমনের পূর্বে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন বিষয়ে প্রাক-বহির্গমন প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।
এ সময় ওমানের শ্রমবাজারে বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমান সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেন ড. আসিফ নজরুল। পাশাপাশি সাধারণ কর্মীদের ওপর আরোপিত ভিসা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।
বৈঠকে ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি শ্রমমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানান উপদেষ্টা। দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা আরও জোরদার করতে চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আয়োজনের প্রস্তাবও দেন তিনি।
এছাড়া, শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান ড. আসিফ নজরুল।


