সর্বশেষ

যশোরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পুরুষাঙ্গ হারালেন যুবক, পুলিশের হাতে গ্রেপ্তার

ডিসিভি নিউজ ডেস্ক:

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন এক যুবক। জীবন বাঁচাতে প্রতিরোধ গড়ে গৃহবধূ ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই যুবককে অবশেষে সোমবার (১৮ আগস্ট) ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতের নাম মুবায়দুল রহমান (৩৫)। তিনি স্থানীয় আতিয়ার রহমান ও জবেদা খাতুনের ছেলে।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, মুবায়দুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে তিনি ওই নারীর বাড়ির উঠানে গিয়ে চালায় ঢিল ছোড়েন। শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে ওঁত পেতে থাকা মুবায়দুল তাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালান।

একপর্যায়ে জীবন বাঁচাতে গৃহবধূ ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকার শুনে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে মুবায়দুল পালিয়ে যান।

ঘটনার পর গৃহবধূ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে মুবায়দুলকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা