বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ওয়ান-ইলেভেন সময়কালে একটি মিথ্যা ইতিহাস সৃষ্টি করেছে। সেই ইতিহাসের মুখোশ উন্মোচন করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির এই নেতা।
ড. মঈন খান অভিযোগ করেন, ওয়ান ইলেভেনের মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০০৮ সালের নির্বাচনও পূর্ব-পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত ছিল। তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে তার নকশা তৈরি ছিল। সেই অনুযায়ী ভোট হয় এবং আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়।”
তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক কাঠামো পর্যন্ত সবকিছুই পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার আমলে বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ।
ড. মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ কোনোদিন আধিপত্যবাদ মেনে নেয়নি। ভবিষ্যতেও তারা তা মেনে নেবে না। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা জানিয়েছে। নির্বাচন কমিশন শিগগিরই তফসিল ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


