যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার পর ভারতীয় পোশাক খাত বড় ধরনের ধাক্কা খেয়েছে। শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক সংশ্লিষ্ট শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়।
এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্কারোপ করেছিল, যা এখনও বহাল রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্কের সিদ্ধান্ত থেকে সরে এসে তা ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক হার আজ থেকেই কার্যকর হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজার ধরার চেষ্টা করছিল ভারত। তবে প্রযুক্তি ও সস্তা শ্রমের কারণে বাংলাদেশ সবসময়ই একটি প্রতিযোগিতামূলক অবস্থানে ছিল। গত মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলে ভারতের পোশাক রপ্তানি কিছুটা সুবিধা পায় এবং সে সময় দেশটির শেয়ারবাজারে বেশ কিছু পোশাক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পায়।
কিন্তু এবার বাংলাদেশের ওপর শুল্ক হ্রাসের ঘোষণা আসতেই ভারতের পোশাক খাতের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে।
উল্লেখ্য, গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে পরবর্তীতে আলাপ-আলোচনার মাধ্যমে তিনি সেই হার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নতুন গতি আসতে পারে। অন্যদিকে, ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


