চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মোঃ সানাউল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড় বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ সানাউল্লাহ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বড় বিল এলাকার পশ্চিম আন্দারমানিক গ্রামের মাওলানা নুর ইসলামের বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুকুর থেকে মাছ ধরার পর গোসল শেষে ভেজা শরীরে পাম্পের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাকে ভূজপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী মাওলানা নিজাম উদ্দিন বলেন, “হাফেজ সানাউল্লাহ অত্যন্ত ভালো স্বভাবের ছেলে ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” নিহতের শ্বশুর মাওলানা হাবিবুল্লাহ দিদু জানান, “মাছ ধরার পর গোসল শেষ করে মোটরের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আমার জামাতাকে হারালাম।”
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


