সর্বশেষ

হালিশহরে সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এ বছর ৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ পাঁচ দিনব্যাপী এ উৎসবে হাজারও ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীর সমাগম ঘটে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এ বছর কোথাও কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দেবনাথ লিখন ও সাধারণ সম্পাদক সুমন কান্তি নাথ জানান,দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। মণ্ডপগুলোর সাজসজ্জা,পূজা-অর্চনা,আরাধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা আনন্দে মেতে ওঠেন। ভক্তদের নির্বিঘ্ন অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি,র‌্যাব,পুলিশ, আনসার-ভিডিপি, এনএসআই,ডিজে আইপি,সিটিএসবি সহ বিভিন্ন বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করে। পাশাপাশি স্থানীয় আঞ্চলিক কমিটির সভাপতি-সম্পাদক, স্বেচ্ছাসেবক দল ও তরুণ সমাজ প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক সক্রিয় ছিলো। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার প্রতিটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,যা ভক্ত-অনুরাগীসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

শারদোৎসবের সমাপনী দিনে ছিল ভক্তদের জন্য আবেগঘন মুহূর্ত। বিজয়া দশমীর সকালে অনুষ্ঠিত হয় বিহিত পূজা,পরে হয় দর্পণ বিসর্জন। দিনভর চলা নানা আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুর্গোৎসবের। নদীর ঘাটে শোভাযাত্রা নিয়ে প্রতিমা বিসর্জন দিতে আসেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের সময় ঢাক-ঢোলের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। নারী-পুরুষ,শিশু ও বয়োজ্যেষ্ঠ সকলে মেতে ওঠেন বিজয়ার আনন্দে।

ভক্তদের মতে, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়,বরং এটি সামাজিক মিলনমেলাও বটে। একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা,ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এই উৎসবের বড় অর্জন।

পাঁচ দিনব্যাপী আনন্দ-উৎসব শেষে এখন আবার অপেক্ষা আগামী বছরের শারদীয় দুর্গোৎসবের জন্য। ভক্ত-অনুরাগীরা জানান, “এক বছরের প্রতীক্ষার পর যখন দেবী দুর্গা মর্ত্যে আসেন, তখন আনন্দে ভরে ওঠে চারপাশ। আবার দেবীকে বিদায় দিতে কষ্ট হয়, তবে আশায় বুক বাঁধি আগামী বছর আরও বড় পরিসরে এই উৎসব উদযাপন করব।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা