নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নাটোরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও দুইজন।
পরে স্থানীয়রা এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।নিহতদের মরদেহ বড়াইগ্রাম থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


