হাটহাজারীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যদের জন্য দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায়, প্রত্যাশী কর্তৃক বাস্তবায়িত সিমস-২ প্রকল্প প্রশিক্ষণটি আয়োজন করে
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল মুমিন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মাইগ্রেশন ফোরাম সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা নিজ নিজ ইউনিয়নে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের সঠিক তথ্য প্রদান, প্রতারণা প্রতিরোধ এবং নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
সিমস-২ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মীর নাজমুল হাসান এবং মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে উপজেলার ফতেপুর, দক্ষিণ মাদার্শা, উত্তর মাদার্শা, নাঙ্গলমোড়া ও চিকনদন্ডী ইউনিয়নের মোট ২৭ জন ফোরাম সদস্য সক্রিয়ভাবে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “অভিবাসন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা ব্যক্তির জীবন ও পরিবারের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে সঠিক তথ্য, আইনসম্মত প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি অপরিহার্য। অনেকে ভুয়া দালাল বা অসাধু চক্রের প্রলোভনে পড়ে বিপদে পড়েন। তাই আমাদের সবার দায়িত্ব হলো অভিবাসনের আগে গন্তব্য দেশের আইন, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানা, বৈধ কাগজপত্র যাচাই করা এবং সরকারি অনুমোদিত মাধ্যম ব্যবহার করা। আশা করি, আপনারা আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কমিউনিটিতে ছড়িয়ে দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষিত ও সচেতন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিরাপদ অভিবাসনের মূল ধারণা, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত প্রক্রিয়া, প্রতারণা সনাক্তকরণ কৌশল, সচেতনতামূলক বার্তা প্রচারের কার্যকর পদ্ধতি, কমিউনিটি পর্যায়ে অ্যাডভোকেসি এবং সহযোগিতা বৃদ্ধির উপায় সম্পর্কে বিস্তারিত শেখেন।
প্রশিক্ষণ শেষে ফোরাম সদস্যরা নিরাপদ অভিবাসন বার্তা সম্প্রচারে নিজেদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে টেকসই ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন।


