সিরিজ জয় আগেই নিশ্চিত হলেও শেষ ম্যাচে এসে ছন্দপতনের শিকার হলো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ ম্যাচে ৭৪ রানে হেরে হোয়াইটওয়াশের স্বপ্ন হাতছাড়া করে টাইগাররা। সফরকারী পাকিস্তান জয় দিয়ে সিরিজ শেষ করে রক্ষা করল সম্মান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। ব্যাট হাতে আলো ছড়ান শাহিবজাদা, ৪৫ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি দেন। এছাড়া হাসান নওয়াজ করেন ৩৩ ও মোহাম্মদ নওয়াজ ৩০ রান।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে ৩টি উইকেট নেন ৩৩ রানে। নাসুম আহমেদ নেন ২টি এবং শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে ফিরেন তানজিদ তামিম। অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি, ৮ বলে ৮ রান করে ফেরেন সাজঘরে।
চারে নামা মেহেদী হাসান মিরাজ কিছুটা আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন (৮ বলে ৯)। এরপর দ্রুত ফিরে যান জাকের আলি ও শেখ মেহেদী। মাত্র ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৯।
ইনিংসের শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন একা লড়াই চালিয়ে যান। ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেন তিনি। তাকে সামান্য সঙ্গ দেন নাসুম (৯), তাসকিন ও শরিফুল (৭ করে)। তবে দলীয় শতরান পার করতেই পুরো ইনিংস থেমে যায় ১০৪ রানে।
১৮.১ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান পায় দাপুটে ৭৪ রানের জয়। শেষ ম্যাচে হেরে গেলেও সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ। তবে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করার পরও হোয়াইটওয়াশের সুযোগ হারানোয় স্বভাবতই আক্ষেপ থাকছে টাইগারদের মনে।


