নিউজ ডেস্ক : ঋতুপর্ণার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ২-২ গোলে ড্র করায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এবং সেই সঙ্গে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের অংশগ্রহণ।
এটি বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ, ১৯৮০ সালে পুরুষ ফুটবল দল কুয়েতে এশিয়ান কাপে অংশ নিয়েছিল। দীর্ঘ ৪৬ বছর পর এবার নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে।
গ্রুপের বাকি ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের মূল পর্বে যাওয়ার পথ কোনোভাবেই রুদ্ধ হবে না। কারণ, এখন কেবল মিয়ানমারই ছয় পয়েন্ট পেতে পারে। তবে হেড টু হেডে বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই থাকবে।
বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। শেষ সময়ে গোল করে বাহরাইন ম্যাচটি ড্র করায় বাংলাদেশকে সম্ভাব্য জটিলতা থেকে মুক্তি দেয়।
অসাধারণ পারফরম্যান্স, দৃঢ় মনোবল ও দলগত প্রচেষ্টায় বাংলাদেশ নারী ফুটবল দল আজ নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে। এখন অপেক্ষা ২০২৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে মূল আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখার।


