সর্বশেষ

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ১১ দিন পর মামলা

রাউজান উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার ১১ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। ৯ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী ও সংঘর্ষে আহত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলাটি করেন।

মামলায় ১২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, “আমরা নেতা গোলাম আকবর খন্দকারসহ সাবেক সভাপতি মো. মহিউদ্দিনের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। পথে তারা আমাদের উপর হামলা চালায়, এতে আমাদের নেতা গোলাম আকবরসহ ২০-২৫ জন আহত হয়।” মামলার বাদী নাসিম উদ্দিন চৌধুরী গুরুতর আহত হয়ে হাসপাতালে থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ও রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক অভিযোগ করেন, “আমাদের পূর্বঘোষিত প্রচারণা র‌্যালিতে গোলাম আকবর খন্দকার বহিরাগত সন্ত্রাসী এনে হামলা চালায়। উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।” তিনি জানান, তদন্ত কমিটির কাছে ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে এবং রোববার মামলা করার প্রস্তুতি নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার ছত্তার ঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩৫-৪০ জন আহত হয়, ভাঙচুর করা হয় গোলাম আকবর খন্দকারের বহনকারী জীপ ও পুলিশের একটি গাড়ি, আর তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং গিয়াস কাদের চৌধুরীর সব পদ স্থগিত করা হয়। পরে কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা