থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার সকালে এক ভয়াবহ সড়ক ধসের ঘটনা ঘটেছে। শহরের স্যামসেন রোডে ভজিরা হাসপাতালের সামনেই হঠাৎ বড় একটি অংশ ধসে গিয়ে বিশাল সিংকহোল সৃষ্টি হয়। এতে রাস্তায় থাকা অন্তত তিনটি যানবাহন ধসে পড়া গর্তে তলিয়ে যায় এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার কিছু পর হঠাৎ সড়ক দেবে গিয়ে প্রায় ৩০ মিটার চওড়া ও ৫০ মিটার গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়। ধসে পড়ার সাথে সাথেই একটি বড় পানির পাইপ ফেটে পানি বের হতে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঘটনায় তিনটি যানবাহন গর্তে পড়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে ভজিরা হাসপাতালের বহির্বিভাগীয় সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আশপাশের ভবন, হাসপাতাল ও পুলিশ স্টেশন থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চলমান মেট্রো রেল টানেল ও স্টেশন নির্মাণ কাজের কারণে মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। তার ওপর সাম্প্রতিক ভারী বৃষ্টি এবং ফেটে যাওয়া পানির পাইপ মাটিকে দুর্বল করে দেয়, যার ফলেই এত বড় ধস ঘটে।
ব্যাংকক গভর্নর চাডচার্ট সিটিপুন্ট ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দ্রুত তদন্ত চলছে এবং নির্মাণ কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ইতোমধ্যে সড়কের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে জরুরি সার্ভে শুরু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনা নগরায়ণ ও অবকাঠামো নির্মাণে কঠোর তদারকির প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। বড় নির্মাণ প্রকল্পের সময় ভূগর্ভস্থ মাটি ও ড্রেনেজ ব্যবস্থার ওপর আরও নজরদারি না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


