ঢাকার বনানীতে সিসা বার থেকে নামার সময় রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাব্বি সিসা বার থেকে নামছিলেন, এমন সময় মুন্না নামে এক ব্যক্তির নেতৃত্বে ৬-৭ জন তার ওপর হামলা চালায়। তারা প্রথমে রাব্বির ডান কনুইয়ে আঘাত করে এবং পরে বাঁ পায়ের উরুতে তিনবার ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি রাসেল সারওয়ার জানান।


