সর্বশেষ

চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

এফ এম সুমন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী মারর্সা পরিবহনের একটি বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকার এনামের স্ত্রী রুমি আক্তার, কন্যা সাদিয়া আক্তার (বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী), পুত্রবধূ লিজা আক্তার, লিজার মা এবং বোন ফারহানা আক্তার।

প্রাইভেটকারের চালক ও নিহত রুমি আক্তারের ছেলে উদয় গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া লিজার শিশু পুত্র ও ভাই আমিনুল হক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য। তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

তিনি আরও জানান, “দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা