সর্বশেষ

জাতীয় মৎস্য পদক-২০২৫ পেলেন হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন 

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের বিশ্বের একমাত্র জোয়ার-ভাটাসমৃদ্ধ হালদা নদীর পাড়ের সন্তান ও হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী মোঃ কামাল উদ্দিন জাতীয় মৎস্য পদক-২০২৫ অর্জন করেছেন। প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়ন ক্যাটাগরিতে তিনি এই পদকে ভূষিত হলেন।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পদক ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন মৎস্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে মোট ৭টি ক্ষেত্রে মৎস্য খাতে অনন্য অবদানের জন্য মোট ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মোঃ কামাল উদ্দিন হালদা পাড়ের গ্রাম গড়দুয়ারার বকশী সিকদারের বাড়ি মৃত ছৈয়দ আহমেদের ছেলে। তিনি দীর্ঘ ৫৫ বছর ধরে হালদা নদীতে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে আসছেন। তার সংগৃহীত ডিম হতে উৎপাদিত পোনা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহের মাধ্যমে দেশের মৎস্য খাতে বিশেষ অবদান রাখেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া বলেন, প্রকৃতির অনন্য বিস্ময়, বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহকারী হিসেবে কামাল উদ্দিনের নিরলস পরিশ্রম, অদম্য সাহস এবং অসামান্য অবদানের জন্য জাতীয় মৎস্য পদক-২০২৫ প্রাপ্তিতে আমরা আনন্দে আত্মহারা। এই সম্মাননা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, সমস্ত হালদা পাড়ের ডিম সংগ্রহকারী ভাইদের ঐকান্তিক প্রচেষ্টা, অপরিসীম ধৈর্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য নিবেদিত প্রাণ এই সম্প্রদায়ের সম্মিলিত বিজয়ের স্বীকৃতি। মা মাছের অমূল্য রেনু (ডিম) সংগ্রহ করতে গিয়ে তারা যে প্রতিকূলতা, ঝুঁকি এবং কষ্ট সহ্য করেন, তা সত্যিই অতুলনীয়।

এই পদক সেই অকথিত ত্যাগ ও শ্রমেরই মর্যাদাপূর্ণ প্রাপ্য। তিনি আরো বলেন, কামাল উদ্দিনের হাত ধরে সংগৃহীত হালদার রুই জাতীয় মাছের রেণু দেশের বিভিন্ন প্রান্তের পুকুর-খামারে ছড়িয়ে পড়ে, যা আমাদের দেশের মৎস্য সম্পদের ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হালদার এই প্রাকৃতিক প্রক্রিয়া রক্ষা ও টিকিয়ে রাখায় তার এই ভূমিকা জাতীয় সম্পদ রক্ষার সমতুল্য। তার এই বিরল সাফল্য সকল ডিম সংগ্রহকারী ভাইদের জন্য অনুপ্রেরণার উৎস।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা