বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফয়সল আলীম বলেছেন, ৫ আগস্ট বাংলার মাটি থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে গেছেন। শুধু তিনি নন, তার বোনকেও সঙ্গে নিয়ে পালিয়েছেন। তাদের পালানোর পর রাতের ভোটের এমপি-মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়েছে। ফলে বর্তমানে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার (২১ আগস্ট) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়সল আলীম। তিনি বলেন, “এই হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করেছে। বিচার বিভাগকে ধ্বংস করেছে, গণতন্ত্রের ব্যবস্থাকে নিশ্চিহ্ন করেছে। হত্যা ও গুমের মাধ্যমে বিরোধীদলকে নির্মূল করতে চেয়েছিল। শত শত নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে। কিন্তু আল্লাহ তা বরদাশত করেননি। ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে পালানোর নজির বিশ্বের আর কোথাও নেই।”
ফয়সল আলীম আরও বলেন, পাঁচবিবির মানুষ ভুলে যাবে না আওয়ামী লীগের অত্যাচার। “আমার মরহুম পিতাকে জেলখানায় হত্যা করেছে তারা। কোরআনের পাখি খ্যাত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকেও হত্যা করেছে। শালাইপুরেই পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। এ আওয়ামী লীগ কখনও ক্ষমা পাওয়ার যোগ্য নয়।”
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জনগণের ভোটে এমপি হয়ে আমি কোনো আর্থিক সুবিধা নেব না, চাঁদাবাজি করব না। সরকারি সব সুবিধা জনগণের মাঝে সঠিকভাবে বণ্টন করা হবে। ইনশাআল্লাহ জয়পুরহাট ও পাঁচবিবিকে নতুনভাবে গড়ে তুলব। দুর্নীতিমুক্ত উন্নয়ন কর্মকাণ্ড হবে।”
ফয়সল আলীম তার বক্তব্যে ঘোষণা দেন, “মরহুম আব্দুল আলীম সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ আমি নেব উন্নত জয়পুরহাট ও নতুন পাঁচবিবি গড়ে তোলার মাধ্যমে।”
এসময় জনসভায় আরও বক্তব্য দেন, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বুলু, থানা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ সজল, সাবেক সভাপতি শামসুল হক দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, তথ্য শিক্ষা গবেষণা সম্পাদক মুকুল হোসেন, জয়পুরহাট থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জনসভায় পাঁচবিবি ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


