নিউজ ডেস্ক : সম্প্রতি ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার কারণে দেশটির পরমাণু কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন। এই তথ্য নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল।
বুধবার (২ জুলাই) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা অন্তত এক থেকে দুই বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছি গোয়েন্দা বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে।” তিনি এই অভিযানকে “সাহসী ও কার্যকর” বলেও অভিহিত করেন।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা “সম্পূর্ণভাবে ধ্বংস” হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পরমাণু অবকাঠামোর একটি অংশ ধ্বংস হলেও পুরো কর্মসূচি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, এমনটা বলা সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।
উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের অন্তত তিনটি গোপন পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এই হামলায় ইরানের পরমাণু প্রকল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও গবেষণাগারগুলো ধ্বংস হয়েছে বলে জানা গেছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল আকার ধারণ করতে পারে।


