সর্বশেষ

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন : অন্তর্বর্তী সরকারের জরুরি সভায় সিদ্ধান্ত

ডিসিভি নিউজ ডেস্ক:

চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপদেষ্টা পরিষদের এই বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টাকে ধন্যবাদ জানানো হয়, যারা দীর্ঘদিন ধরে সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় ঐকমত্য তৈরির চেষ্টা করে আসছেন।

তবে সভায় উল্লেখ করা হয় যে, ‘জুলাই সনদ’-এর কয়েকটি সংস্কার বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশেষত, গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে এসব প্রশ্নে ভিন্নমত বিদ্যমান। ফলে, এসব বিষয়ে দ্রুত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ বা নির্দেশনা দিতে বলা হয়েছে। এতে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যেতে পারবে।

সভায় আরও জোর দিয়ে বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনা বা সংঘাত যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অন্তর্বর্তী সরকারের এই বৈঠকে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়,

১. ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত,

২. জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য গঠনের আহ্বান,

৩. গণভোট সংক্রান্ত বিষয়ে দ্রুত রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা।

এই বৈঠকের মাধ্যমে আসন্ন নির্বাচন প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কার নিয়ে সরকারের দিকনির্দেশনা আরও স্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা