নিউজ ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে দায়ের করা আপিলের পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের চার সদস্যবিশিষ্ট আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত আগামীকাল পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। শুনানিতে তিনি বলেন, “হাইকোর্ট যেভাবে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করেছেন, তা ইতিহাসে নজিরবিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
জামায়াতের আইনজীবীরা আরও জানান, হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিলের প্রক্রিয়া সঠিক ছিল না। তারা দাবি করেন, দলটিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১২ মার্চ থেকে আপিল শুনানি শুরু হয়। এতে দলটির নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়।
জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে এ মামলাটি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামীকালকের শুনানিকে ঘিরে রাজনৈতিক মহলসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।


