সর্বশেষ

চীনের পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ডিসিভি নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে যথেষ্ট পরিমাণে ম্যাগনেট সরবরাহ না করলে এই শুল্ক কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা আমাদের শিল্পকে সুরক্ষা দেবো। যদি চীন পর্যাপ্ত ম্যাগনেট না দেয়, তবে তাদের পণ্যে ২০০ শতাংশ কিংবা তারও বেশি শুল্ক বসানো হবে।”

বিশ্বব্যাপী দুর্লভ খনিজ উপাদানের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক প্রযুক্তিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য। যুক্তরাষ্ট্রের শিল্প খাত, বিশেষ করে প্রযুক্তি খাত, এসব কাঁচামালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিংও দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। ফলে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনের ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা এসেছে। ইন্টেল সরাসরি দুর্লভ খনিজের ওপর নির্ভরশীল হওয়ায় ট্রাম্প প্রশাসন বিষয়টিকে কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছিলেন, যাতে আলোচনার সুযোগ বাড়ে। আদেশ কার্যকর না হলে শুল্কের হার ইতোমধ্যেই ১৪৫ শতাংশে পৌঁছাত।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য ও শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি এসেছে। চলতি মাসের শুরুতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত মিললেও নতুন করে শুল্কের হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করছে। বিশ্লেষকরা মনে করছেন, চীন ও যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য বিরোধ শুধু দুই দেশের অর্থনীতিতেই নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা