সংবিধান সংস্কারসহ ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার তাগিদও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এতে দ্ব্যর্থহীনভাবে অঙ্গীকার করা হয়েছে যে তারা এই সনদের সুপারিশসমূহ বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই প্রেক্ষাপটেই আমরা সরকারকে সুপারিশ করেছি, কীভাবে এসব বিষয় বাস্তবায়ন করা যায়।’
অধ্যাপক রিয়াজ জানান, কমিশনের প্রস্তাব তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, যেসব বিষয় সাংবিধানিক সংশোধন ছাড়াই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন দ্রুত কার্যকর করা হয়। দ্বিতীয়ত, যেসব সুপারিশ সরকারি নির্দেশ বা অফিস অর্ডার দিয়েই বাস্তবায়ন সম্ভব, সরকার যেন তা বিলম্ব না করে বাস্তবায়ন করে।
তিনি বলেন, “এই দুই বিষয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভিন্নমত নেই। আলোচনার মাধ্যমে অর্জিত ঐকমত্য আমরা সরকারের কাছে ইতোমধ্যে অবহিত করেছি।” তৃতীয় ভাগে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কমিশন বিস্তারিত আইনি রূপরেখা প্রস্তাব করেছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলোর আলোচনায় দেখা গেছে, সাংবিধানিক বিষয়ে অনেক ক্ষেত্রে ঐকমত্য আছে, কিছু বিষয়ে ভিন্নমতও আছে। এসব বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি ও কার্যকর পথনির্দেশনা তৈরির বিষয়টি আমরা সুপারিশে অন্তর্ভুক্ত করেছি।”
এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করে কমিশন।


