চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কের অক্সিজেন অংশে শীতল ঝরনা খালের ওপর নির্মিত একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং অন্য পাশে সীমিতভাবে যান চলাচল চলছে। ফলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল স্টার শিপ গলি এলাকার বাসিন্দারা জানান, সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নগরের ২ নম্বর গেট থেকে অক্সিজেন এলাকায় যাতায়াত করেন। বিশেষ করে এই সড়কটি পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ হওয়ায় এটি অত্যন্ত ব্যস্ততম একটি রুট।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী আনিসুর রহমান জানান, সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মিত হয়েছিল। পরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল প্রশস্ত করা হয়, ফলে পানিপ্রবাহ বেড়ে যায়। কিন্তু পুরনো ইটের সেতুটি সংস্কার না হওয়ায় এর দুই পাশের মাটি ও দেয়ালে ক্ষয় শুরু হয়। আজ ভোর থেকে ভারী বৃষ্টিপাতের কারণে পানির চাপে সেতুটি ভেঙে পড়ে।
প্রধান প্রকৌশলী আরও জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর সংস্কারের জন্য পাঁচ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে এবং দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান। দ্রুত সংস্কার কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ অবস্থায় দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রী সাধারণ। তারা বলছেন, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে বিকল্প ব্যবস্থা ও দ্রুত নির্মাণ কাজ শুরু করা জরুরি।


