নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই কর্মসূচি দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করবে, যা জাতীয় অর্থনীতির জন্য অশনিসংকেত।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেন, “শুল্ক ও রাজস্ব সংগ্রহে এনবিআরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাটডাউন কর্মসূচি যদি অব্যাহত থাকে, তাহলে তা সরাসরি শিল্প খাত, আমদানি-রপ্তানি, বিনিয়োগ পরিবেশ ও সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।”
ব্যবসায়ীরা দাবি করেন, এই সংকট সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-কে একত্রে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
ব্যবসায়ীরা আরও বলেন, “জাতীয় অর্থনীতির স্বার্থে এবং এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবির বাস্তবায়নের লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনার পরিবেশ তৈরি করা জরুরি। একসাথে বসে সমস্যার সমাধান খুঁজে বের করাই হবে দেশের জন্য সবচেয়ে কল্যাণকর পথ।”
তারা আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “দেশের অর্থনীতি যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কলম বিরতি ও কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে, কোনো পূর্ব শর্ত ছাড়াই দ্রুত কর্মস্থলে ফিরে আসুন।”
সংবাদ সম্মেলনের শেষাংশে ব্যবসায়ী নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, যৌক্তিক সংস্কারের মাধ্যমে সৎ ও দক্ষ কর্মকর্তারা রাজস্ব বোর্ডে তাদের দায়িত্ব পালন করে আবারও জাতির সেবা ও অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবেন।


