আন্তর্জাতিক নারী বক্সিংয়ে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস রচনা করলেন জিনাত ফেরদৌস। পোল্যান্ডে অনুষ্ঠিত ‘সিলেসিয়ান ওপেন’ আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা জিনাত দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বৈশ্বিক বক্সিং আসরে। কোয়ার্টার ফাইনালে প্রথম বাউটেই জয় তুলে নিয়ে পদক নিশ্চিত করেন তিনি। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ইউরোপীয় আসরে পদক জয় ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ অর্জন বাংলাদেশ থেকে ইউরোপিয়ান বক্সিং কনফেডারেশনের প্রতিযোগিতায় প্রথম কোনো পদক বলে জানিয়েছেন বক্সিং ফেডারেশনের এক কর্মকর্তা।
জিনাত যুক্তরাষ্ট্রে ফিরে নিজের অনুভূতিতে জানান, “পোল্যান্ডের গ্লিউইসে একটি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছি। এটা আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্যও গর্বের।”
এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছেন জিনাত ফেরদৌস। চলতি বছরের ২৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক জেতেন তিনি। ফাইনালে তিনি ইথিওপিয়ান প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জেতেন।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন এই অর্জনে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জিনাতের পারফরম্যান্স ও লড়াইয়ের দক্ষতা অসাধারণ। আগামী মাসে তার আরও বড় সাফল্য দেখতে পারি বলে আশাবাদী।”
তবে সব অর্জনের মাঝেও এশিয়ান গেমসে প্রত্যাশা পূরণ হয়নি জিনাতের। হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ান প্রতিপক্ষ ইয়ুসগেনের কাছে ০-৫ ব্যবধানে হেরে প্রাথমিক পর্বেই বিদায় নিতে হয় তাকে।
তবুও, ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করে চলা জিনাত ফেরদৌস এখন বাংলাদেশের বক্সিং ইতিহাসে অন্যতম অনুপ্রেরণার নাম।


