চট্টগ্রাম -৫ হাটহাজারী সংসদীয় আসন-২৮২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আয়োজিত দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা শাহজাহান এই ঘোষণা করেন। এ ঘোষণার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সারাদেশে তিনশ (৩০০) আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা শাহজাহান বক্তব্যে বলেন, ‘জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক’ এ দাবি এখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত জনগণের মুখে মুখে। কারণ, সাধারণ মানুষ বিশ্বাস করে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে আর দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য হবে না। দলটি দেশের সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষায় নিবেদিতভাবে কাজ করবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো দুর্নীতি ও অনিয়মের কারণে দেশকে পিছিয়ে দিয়েছে, কিন্তু জামায়াতে ইসলামীই পারে এই দেশকে প্রকৃত অর্থে উন্নয়নের পথে এগিয়ে নিতে। সমাবেশে প্রধান আলোচক ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মোঃ আলা উদ্দিন সিকদার।
হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মোঃ আব্দুল জব্বার, চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মোরশেদুল ইসলাম চৌধুরী ও এডভোকেট ফয়সাল মোঃ ইউনুছ, উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম ও মাওলানা জামাল হোসাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা সাবেক আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাটহাজারী আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।
উল্লেখ্য, হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এলকাবাসী মধ্যকার সংঘটিত সংঘর্ষ পরবর্তীতে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের আমির এর পদ থেকে দল তাকে অব্যাহতি দেয়। পরে দলীয় প্রার্থী হতেও বাদ পড়েন তিনি।


